বুধবার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও ইবনে আল জায়েদ হাসানের দৃঢ় নেতৃত্বে হাজীগঞ্জে সড়ক শৃঙ্খলা অভিযান- ১২ বাইকারকে জরিমানা

মোঃওমর ফারুক:সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয় বিশেষ ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২০ মে) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভার সামনে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হাসান।

অভিযানে হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর দায়ে ১২ জন চালককে মোট ৬ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এ সময় সহযোগিতায় ছিলেন হাজীগঞ্জ থানা পুলিশ ও পৌরসভার কর্মকর্তারা।

Ad

ইউএনও ইবনে আল জায়েদ হাসান বলেন:-“সম্প্রতি সারা দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। এর প্রধান কারণ ট্রাফিক আইন না মানা, বেপরোয়া গতি এবং সুরক্ষাসামগ্রী ব্যবহারে উদাসীনতা। বিশেষ করে মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানে অনীহা উদ্বেগজনক। তাই জনগণকে সচেতন করতে এই অভিযান চালানো হয়। আমাদের এমন অভিযান নিয়মিত চলবে।”

তিনি আরও জানান, প্রশাসনের এ ধরনের পদক্ষেপ শুধুমাত্র জরিমানা নয়, বরং জনসচেতনতা তৈরির একটি অংশ। একজন সচেতন চালক যেমন নিজের জীবন রক্ষা করেন, তেমনি রক্ষা করেন পথচারীদেরও।

স্থানীয়রা:-ইউএনওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একজন পথচারী বলেন, “অনেকেই হেলমেট ছাড়া বাইক চালায়, এতে দুর্ঘটনা হলে ক্ষতি কার—এই বিষয়টা তারা বোঝে না। প্রশাসনের এই কড়া অবস্থান দরকার ছিল।”

উল্লেখ্য, সড়ক পরিবহন আইন অনুযায়ী, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো দণ্ডনীয় অপরাধ। এ আইন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের এমন তৎপরতা সড়ক শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করছে সচেতন মহল।