শনিবার ০৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল পরোপকারী রেজিয়া বেগমের

মো,ওমর ফারুক,চাঁদপুর:চাঁদপুরের ফরিদগঞ্জে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন রেজিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ কালির বাজারগামী সড়কে ভূঁইয়া বাড়ির পাশের মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাজার করতে যাওয়ার পথে চলন্ত অটোরিকশার চাকায় রেজিয়া বেগমের ওড়না পেঁচিয়ে যায়। মুহূর্তেই তিনি সড়কে ছিটকে পড়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন। পরে চালক দ্রুত গাড়ি থামিয়ে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad

নিহতের পরিচয়,রেজিয়া বেগম ফরিদগঞ্জ পৌরসভার পশ্চিম বড়ালী দেওয়ান বাড়ির মৃত আলি আহমেদের স্ত্রী। দুই ছেলে ও চার মেয়ের জননী ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে এলাকায় সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। বিশেষ করে কেউ মারা গেলে নারীদেহ গোসল করানোর কাজ করতেন তিনি।

পরিবারের বক্তব্য,নিহতের ছোট ছেলে কাউসার জানান:আমার বাবা প্রায় ১৮ বছর আগে মারা গেছেন। মা আমাদের এলাকার অনেকের উপকার করেছেন। আজ বিকেলে নিজের প্রয়োজনেই বাজার করতে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে এই দুর্ঘটনায় আমাদের থেকে চলে গেলেন। তবে আমরা এ ঘটনায় কোনো অভিযোগ করছি না। তাই মায়ের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে এসেছি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন:ঘটনার বিষয়ে মেডিক্যাল কর্তৃপক্ষ আমাদের অবহিত করেছে। তবে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

হঠাৎ এ দুর্ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানিয়েছেন, রেজিয়া বেগম ছিলেন বিনয়ী, পরোপকারী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত একজন নারী। তার মৃত্যুতে স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।