রবিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২নং বাকিলা ইউনিয়নের ৬, ৭, ৮, ৯নং ওয়ার্ডবাসীর প্রতি চেয়ারম্যানের সতর্ক ও সচেতনতামূলক আহ্বান

মো,ওমর ফারুক:আগামীকাল সোমবার, ১২ মে ২০২৫ ইং তারিখে ২নং বাকিলা ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের টিসিবি কার্ডধারীদের জন্য নির্ধারিত টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ইউনিয়নের নির্ধারিত স্থানে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মিলন জানান, যারা টিসিবি কার্ডধারী আছেন, তারা সকলে নির্ধারিত সময় ও স্থানে এসে ধৈর্য সহকারে লাইন মেনে পণ্য সংগ্রহ করবেন।

Ad

তিনি আরও বলেন, “চলমান খরতাপ, জলাশয়ের পানি সংকট ও বনভূমির ঘাটতির কারণে জনজীবন বিপর্যস্ত। মানুষ অতিরিক্ত গরমে চরম কষ্টে দিনযাপন করছে। এই পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ভিড় সৃষ্টি না করে সুশৃঙ্খলভাবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।”

প্রসঙ্গত, টিসিবি পণ্যের নির্ধারিত মূল্য ৩৯০ টাকা। প্রত্যেক কার্ডধারীকে নির্ধারিত অর্থ পরিশোধের মাধ্যমে টিসিবি মাল গ্রহণ করতে হবে।

চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, “সামাজিক দূরত্ব বজায় রাখা, শৃঙ্খলা মেনে চলা এবং পণ্য বিতরণকালে সচেতন আচরণ করা আমাদের সকলের দায়িত্ব। ইউনিয়ন পরিষদ থেকে এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।”

জনগণের জানমাল এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয় বিবেচনায় রেখে এই উদ্যোগকে কার্যকর ও সুফলমুখী করতে স্থানীয়দের প্রতি সার্বিক সহযোগিতার আহ্বান জানানো হয়।