গত শুক্রবার (৫ মে) মুক্তি পায় ‘দ্য কেরালা স্টোরি’। মঙ্গলবার (৯ মে) পর্যন্ত পাঁচ দিনেই ছবিটির আয় ছাড়িয়ে গেছে ৫৬ কোটি রুপি। তথ্যটি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শ।
হিন্দু-খ্রিস্টান থেকে ইসলামে ধর্মান্তরিত করার মতো স্পর্শকাতর বিষয়ের ছবিটিতে কাজ করার প্রসঙ্গে আদাহ শর্মা বলেন, ‘একেবারে শুরু থেকে, যেদিন আমি গল্পটা প্রথম শুনি, এবং শুটিংয়ের পুরো জার্নিতে আমার মনে হয়েছে, গল্পটা এক সাদাসিধে মেয়েকে নিয়ে, যে আইএস-এ জড়িয়ে পড়ে। জঙ্গিবাদ বিপজ্জনক। কিন্তু কাউকে না কাউকে তো গল্পটা বলতেই হবে।’
এই সিনেমার ট্রেলার যখন প্রকাশ করা হয়, তখন সেখানে বলা হয়, কেরালায় প্রায় ৩২ হাজার হিন্দু-খ্রিস্টান তরুণীকে ধর্মান্তরিত করে মুসলমান বানানো হয়েছে এবং জোরপূর্বক তাদেরকে জঙ্গি সংগঠন আইএস-এ যুক্ত করে পাচার করা হয়েছে। এই তথ্য নিয়েই শুরু হয় বিতর্কের ঝড়। যা ভারতের আদালত অব্দি গড়ায়। বিতর্কের মুখে শেষ পর্যন্ত ছবির তথ্যটি সরিয়ে ফেলেন সংশ্লিষ্টরা। এরপর বলা হয়, এটি গুম ও ধর্মান্তরের শিকার হওয়া তিন নারীর গল্প।
এদিকে ধর্মীয় বিতর্ক থাকার কারণে সম্প্রীতি নষ্টের আশঙ্কায় ভারতের দুটি রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করা হয়েছে। এগুলো হলো- তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ।
