শনিবার ০৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে অ্যাম্বুলেন্সে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, চালক মুরাদ গ্রেপ্তার

মোঃওমর ফারুক, চাঁদপুর:চাঁদপুরে মানবিকতার আশ্রয়স্থল হওয়া উচিত অ্যাম্বুলেন্সেই ঘটলো ন্যাক্কারজনক ঘটনা। সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকায় মানসিক ভারসাম্যহীন ২৪ বছরের এক নারীকে অ্যাম্বুলেন্সে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানার টহলরত এসআই ইবাদুল হক অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে সন্দেহজনক অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তল্লাশি চালান। এসময় মানসিক ভারসাম্যহীন ওই নারীকে উদ্ধার করা হয় এবং চালক মুরাদ হোসেনকে (৩৭) হাতেনাতে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে আসা হয়।

Ad

গ্রেপ্তারকৃত মুরাদ চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকার বাসিন্দা মোস্তফা বেপারীর ছেলে। আনঞ্জুমান নামীয় একটি অ্যাম্বুলেন্স ভাড়ায় চালাতেন তিনি। তার বিরুদ্ধে ভুক্তভোগীর ছোট বোনজামাতার দায়ের করা মামলায় আরও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

ওসি মো. বাহার মিয়া জানান, “আটক মুরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীর পরিবার মামলা করেছে। ঘটনার তদন্ত চলছে।”

স্থানীয় অ্যাম্বুলেন্স চালকরা অভিযোগ করেন, মুরাদের এ ধরনের অসদাচরণ নতুন নয়। রোগী পরিবহনের নামে প্রায়ই তিনি প্রতারণা ও অনিয়মে জড়িত ছিলেন।

ভুক্তভোগী নারী শাহরাস্তি উপজেলার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ও স্বামী পরিত্যক্তা। বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সকালে থানার মাধ্যমে তার পরিবারের কাছে খবর পৌঁছায়।

ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছে “জীবন বাঁচানোর বাহন যদি অমানবিকতার আঁতুড়ঘর হয়ে ওঠে, তবে মানুষ আশ্রয় খুঁজবে কোথায়..?”