বুধবার ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন 

মালয়েশিয়া প্রতিনিধিঃ ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পর্যটন নগরী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও সে দেশের মুসলমানরা এই ঈদ উৎসবে শরীক হয়েছেন। বুধবার (২৭ মে) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল আটটায় হাংতুয়ার মসজিদ আল বুখারিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে তাছাড়া আটটা পনের মিনিটে রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ (নেগারায়) সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মসজিদ নেগারায় নামাজে অংশ নেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এ সময় মালয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি মসজিদগুলোতে ঈদ জামাতে অংশগ্রহণ করেন অনেক প্রবাসী বাংলাদেশি। নামাজ শেষে মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের পর বাংলাদেশি মুসল্লিরা পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন।

Ad

রাজধানী কুয়ালালামপুর ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন শহরে ঈদুল আজহা উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। মসজিদ জামেক, তিতিওয়াংসা সুরাও বায়তুল মোকাররাম, কোতারায়া বাংলা মসজিদ, সুবাংজায়া বাংলা মসজিদ, ক্লাং, পেনাং, সুঙ্গাই ভুলু, সেলায়ং পাছার, পুচং, মালাক্কা, জহোরবারুতেও ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। নামাজ শেষে অনেক জায়গায় প্রবাসী বাংলাদেশিদেরও পশু কোরবানি করতে দেখা যায় ।

ঈদুল আজহা উপলক্ষে মালয়েশিয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার মানজুরুল করিম খান চৌধুরী দেশটিতে বসবাসরত প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ব্যবসায়ী, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতারাও প্রবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।